রুপসীবাংলা৭১ প্রতিবেদক : শহরের চেলোপাড়া এলাকার দুর্জয় ক্লাবে নির্মিত ১৯ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা দেখতে পূজামণ্ডপে ভিড় করছেন শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী- পুরুষ।
দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, বগুড়ার মধ্যে তাদের ক্লাবে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছে। গতবছর প্রতিমার উচ্চতা ছিল ১৬ ফুট। এবার ১৯ ফুট উচ্চতার প্রতিমায় পূজার আয়োজন করা হয়েছে। বগুড়ার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে দর্শনার্থীরা এ মণ্ডপে আসছেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকেও মণ্ডপে নিরাপত্তা কর্মীরা রয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বলেন, জেলার সব পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা চলাকালে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দলও দায়িত্ব পালন করছে।
রুপসীবাংলা৭১/এআর


