রুপসীবাংলা৭১ প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে গিয়ে তিনি ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন ইউএনও। এসময় নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ বসতবাড়ি ও এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙনের কারণে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। গত রোববার বিকালে ভাঙনে একটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া আরও অন্তত ১৫টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।ভাঙন অব্যাহত থাকলে আরও বসতবাড়ি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূম্পা ঘোষ বলেন, ইতোমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। দ্রুত ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হবে। কীভাবে দ্রুততম সময়ে ভাঙন ঠেকানো যায়, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রুপসীবাংলা৭১/এআর


