গৌতম কুমার এদবর Gautam Kumar Edbor :
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে দেশে মোট ২৫২ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১০৩ জন কন্যা শিশু এবং ১৪৯ জন নারী।বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা এবং ২টি অনলাইন সংবাদপত্রের তথ্যের ভিত্তিতে এ চিত্র তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
ধর্ষণ ও যৌন হিংস্রতা: প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর মাসে মোট ৪৯ জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩০ জন কন্যা শিশু এবং ১৯ জন নারী।
২ জন কন্যা শিশুসহ ৯ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হন।ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪ জন কন্যা শিশুকে।
ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন ১ জন কন্যা শিশু।এছাড়া ১১ জন কন্যা শিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়ন ও সাইবার সংঘাত: বিভিন্ন মাধ্যমে মোট ২২ জন নারী ও কন্যা শিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮ জন কন্যা শিশুসহ ১২ জন যৌন নিপীড়ন, ৪ জন কন্যা শিশুসহ ৭ জন উত্ত্যক্তকরণ এবং ৩ জন সাইবার সহিংসতার শিকার হন।
হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যু: বিভিন্ন কারণে সেপ্টেম্বর মাসে ১৩ জন কন্যা শিশু এবং ৩৯ জন নারীসহ মোট ৫২ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ১ জনকে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া ১১ জন কন্যা শিশু ও ৩৪ জন নারীসহ মোট ৪৫ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।
যৌতুক ও পারিবারিক নির্যাতন:যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৮ জন নারী, যার মধ্যে ৫ জনকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৭ জন (যার মধ্যে ১ জন কন্যা শিশু)। গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে ১টি।
আত্মহত্যা, অগ্নিদগ্ধ ও অন্যান্য:৪ জন কন্যা শিশুসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যার প্ররোচনার শিকার হন ১ জন। অগ্নিদগ্ধ হয়েছেন ২ জন, যার মধ্যে ১ জন কন্যা শিশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ৭ জন কন্যা শিশুসহ ৮ জন অপহরণের শিকার হয়েছেন।শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন কন্যা শিশুসহ ১৪ জন।
১ জনের বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে এবং ৭ জনের বাল্যবিয়ের চেষ্টা রোধ করা হয়েছে।এছাড়া ১ জন কন্যা শিশুসহ ৮ জন অন্যান্য বিভিন্ন উপায়ে নির্যাতনের শিকার হয়েছেন।
নারী ও কন্যা শিশুদের ওপর চলমান এই সহিংসতা ও নির্যাতন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


