নিজস্ব প্রতিনিধি ঃ
গত ১৯ এপ্রিল রাত ৯ টার দিকে কক্সবাজার সদর উপজেলায় খুরুশকুল ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন শিব কালী মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে মন্দির থেকে দুজন অজ্ঞাত ব্যক্তি ডেকে নিয়ে যায়। নিঁখাজের পর পরই সেবায়েতের স্ত্রী অঞ্জনা শীল থানায় বিষয়টি অবহিত করেন। এর ৩ দিন পর ২২ এপ্রিল মন্দিরের সেবায়েত নয়ন সাধুকে নৃশংসভাবে হত্যা করে মন্দির থেকে দূরে গহীন বনে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর অগ্নিদগ্ধ মরদেহে উদ্ধার করা হয়েছে। ঐক্য পরিষদ এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অনতিবিলম্বে এ ঘটনার জন্যে দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
গতকাল ২৪ এপ্রিল, ২০২৬ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সভাপতি এ্যাডভোকেট দিপংকর বড়ুয়া পিন্টু এবং সহ-সভাপতি রাজবিহারী দাশ, যুগ্ম সম্পাদক ডা. পরিমল কান্তি দাশ, স্বপন গুহ, চঞ্চল দাশগুপ্ত ও আদিবাসী নেতা মংখোলা প্রমুখ। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা ও ওসি তদন্তের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নয়ন সাধু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এদিকে গতকাল ঢাকার জাতীয় প্রেস ক্লাব চত্বরে সংখ্যালঘু ঐক্যমোর্চাভুক্ত বিভিন্ন সংগঠনসমূহের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ অংশগ্রহণ করে।

