রুপসবিাংলা৭১ প্রতিবেদক : রাজধানীর ফার্মগেট এলাকায় বাড়ির তত্ত্বাবধায়ক জুলহাস মিয়া হত্যার ঘটনায় মো. কাজল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত কাজল ২০১৮ সালের ২৫ মার্চ থেকে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয় এবং পরে আবার কারাগারে পাঠানো হয়। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া দীর্ঘ ৩০ বছর ধরে ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যায় বাসার পাশের একটি সিমেন্টের দোকানের সামনে জুলহাস মিয়ার কাছে ৫ টাকা চান কাজল। টাকা দিতে দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুলহাস মিয়ার পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে মো. সাইফুল শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৯ জুন অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
রুপসবিাংলা৭১/এআর

