রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার আরও আটজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রিমান্ডকৃতরা হলেন- মো. শাহাদাত হোসেন, কাজী মকবুল হোসেন, মো. শাহ আলম, মো. আতিকুর রহমান, মো. কামরুল ইসলাম, মো. নুর আলম, মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহ ও মো. সাজ্জাদ হোসেন মিশু।
৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ৪ অক্টোবর তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ৮ অক্টোবর বৃহস্পতিবার দিন ধার্য করেন। রিমান্ড শুনানির আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে শাহআলী থানাধীন এলাকায় অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একদল লোক প্রবেশ করে। এরপর প্রতিষ্ঠানের পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে। এরপর পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। সবশেষে আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালাও ভাঙচুর করা হয়।
আরও জানা যায়, হামলাকারীরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দু’টি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দু’টি কম্পিউটার, দু’টি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং সেখানে দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায়।এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহআলী থানায় একটি মামলা দায়ের করেন। এতে মো. হানিফ মিয়াসহ (৫০) অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
রুপসীবাংলা৭১/এআর


