প্রিয়ন্ত মন্ডল :জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার, ঐতিহ্যবাহী সঙ্গীতায়তন ছায়ানট ও উদীচী, ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভনসহ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী বিভিন্ন স্থাপনার ওপর অতিসাম্প্রতিককালে সাম্প্রদায়িক দুর্বৃত্তদলের হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগে ধ্বংসের এবং বিশিষ্ট সাংবাদিক নুরুল কবিরকে শারীরিক লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এক বিবৃতিতে পরিষদ বলেছে, স্বার্থান্বেষী দুর্বৃত্তমহল মুক্তবুদ্ধি ও মুক্তচিন্তা, সংবাদপত্রের স্বাধীনতার এবং সুস্থ সংস্কৃতির ধারাকে রুদ্ধ করার বদ অভিপ্রায়ে পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী হামলা চালিয়েছে যা নিতান্তই উদ্বেগজনক। এসব প্রতিটি ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচন ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতের জন্য সরকারের কাছে পরিষদ জোর দাবি জানিয়েছে।

