নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান এক বিবৃতিতে খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ধর্ষনের প্রতিবাদ সমাবেশে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ হামলা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছে পরবর্তীতে সন্ত্রাসীরা অগ্নি সংযোগ হামলা লুটপাট চালিয়েছে অনেকে হতাহত হয়েছে।
নেতৃদ্বয় বলেন, সরকারের চরম উদাসীনতায় পার্বত্য অঞ্চল থেকে সমতল পর্যন্ত গোটা দেশ আজ নারী এমনকি শিশুদের জন্যও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমাহীন ব্যর্থতার দায় ক্ষমতাসীন সরকারকেই নিতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, অবিলম্বে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অপরাধে জড়িত প্রত্যেককে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ এ অপরাধের ঘটনায় প্রতিবাদকারীদের সেনা সদস্য কর্তৃক আটক ও নির্যাতন প্রতিবাদ সমাবেশে গুলি বর্ষন হামলা অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনার তদন্ত করে দায়ীদের বিচার করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় সকল সংস্থা তাদের শপথ রক্ষা করবে ও পেশাদারিত্ব বজায় রাখবে এটাই দেশের মানুষ প্রত্যাশা করে। তাই প্রতিবাদ দমনের পরিবর্তে অপরাধীকে আইনের আওতায় আনতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। যা নিশ্চিত করার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের প্রধান কর্তা ব্যক্তিগণ প্রচারমুখী বাগাড়ম্বরে যতটা পটু, দায়িত্ব পালনে তার সিকিভাগ সক্ষমতা দেখাতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। নেতৃবৃন্দ বলেন, গত ৫ মে বান্দরবানে তিন শিশুর জননী এক খেয়াং নারীকে ধর্ষণের পর পাথর দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয়। গত কয়েক মাসেও এই বর্বরতার বিচারে তেমন কোন অগ্রগতিই অর্জিত হয়নি। ফলে বিচারহীনতার চলমান বাস্তবতা একেরপর এক বর্বরতা ও অপরাধের জন্ম দিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকার মুখে মুখে অনেক পরিবর্তনের কথা বললেও, সেই বাস্তবতার সামান্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়নি।নেতৃবৃন্দ বলেন অব্যাহত ধর্ষণ-নিপীড়নের ঘটনার প্রতিবাদে এবং নারীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবনের অধিকার সরকার কে নিশ্চিত করতে হবে ।
নেতৃবৃন্দ আর ও বলেন নারীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ নারী-পুরুষ, পাহাড়ি-বাঙ্গালী নির্বিশেষে সকলের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্য জীবনের নিশ্চয়তা অর্জনে রাজনৈতিকভাবে সংগঠিত হতে এবং সমাজের সর্বত্র প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানাই এবং অতি দ্রুত কার্যকর ব্যবস্হ গ্রহন করতে সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

