রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : একসময় ভারতীয় হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ছিল ‘নাগিন’। অতিপ্রাকৃত গল্প, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক নাটকের মিশেলে তৈরি এই ধারাবাহিক দর্শকদের মধ্যে তৈরি করেছিল আলাদা আগ্রহ। এবার টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ‘নাগিন’কে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন প্রযোজক একতা কাপুর।
নাগ পঞ্চমীর দিন সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন একতা। সেখানে ‘নাগিন’-এর বিভিন্ন সিজনে অভিনয় করা অভিনেত্রীদের দেখা যায়। ভিডিওর মাধ্যমে গত ১১ বছরের যাত্রার নানা মুহূর্ত তুলে ধরার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটির নতুন অধ্যায়েরও ইঙ্গিত দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে একতা লেখেন, ‘খুব শীঘ্রই নতুন কিছু আসতে চলেছে।’
তবে ভিডিওটির সবচেয়ে বড় চমক ছিল এর বার্তায়। সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে, ১১ বছর ছোট পর্দায় রাজত্ব করার পর বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি এবার টেলিভিশনের গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে আসতে চলেছে।
সবচেয়ে জোরালো জল্পনা তৈরি হয়েছে, এবার কি ‘নাগিন’কে বড় পর্দায় দেখা যাবে? যদিও নতুন প্রজেক্টটি সিনেমা নাকি অন্য কোনো মাধ্যমে তৈরি হবে, কবে মুক্তি পাবে কিংবা কারা অভিনয় করবেন এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বড় পর্দায় ‘নাগিন’কে আনার পরিকল্পনা রয়েছে বলেই আপাতত ইঙ্গিত মিলছে।
২০১৫ সালে শুরু ‘নাগিন’-এর যাত্রা
২০১৫ সালে প্রথমবার টেলিভিশনের পর্দায় আসে ‘নাগিন’। প্রথম সিজনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মৌনি রায়। তাঁর বিপরীতে ছিলেন অর্জুন বিজলানি। শুরু থেকেই পৌরাণিক উপাদান, ফ্যান্টাসি, প্রেম, প্রতিশোধ ও পারিবারিক টানাপোড়েনের গল্প দর্শকদের আকৃষ্ট করে।
দ্বিতীয় সিজনেও মৌনি রায়কে দেখা যায়। তৃতীয় সিজনে মুখ্য চরিত্রে আসেন সুরভি জ্যোতি। চতুর্থ সিজনে ‘নাগিন’ চরিত্রে অভিনয় করেন নিয়া শর্মা। তবে কোভিড-১৯ মহামারির সময় সেই সিজনের সম্প্রচার মাঝপথে থেমে যায়।
পঞ্চম সিজনে মুখ্য চরিত্রের দায়িত্ব নেন সুরভি চন্দনা। ষষ্ঠ সিজনে একতা কপূর তেজস্বী প্রকাশকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসেন। সপ্তম সিজনে আবারও আসে পরিবর্তন। প্রিয়াঙ্কা চাহর চৌধুরী, ঈশা সিংহ, নামিক পল, কানিকা মান্ন-সহ একাধিক অভিনেতাকে দেখা যায় এই সিজনে।
২০২৫ সালে শুরু হওয়া ‘নাগিন’-এর সপ্তম সিজনের সম্প্রচার শেষ হয় ২০২৬ সালের ১৪ জুন।
দীর্ঘ ১১ বছরের টেলিভিশন যাত্রার পর এবার নতুন অধ্যায়ে পা রাখার অপেক্ষায় ‘নাগিন’।
রুপসীবাংলা৭১/এআর

