রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : প্রক্সি পরীক্ষার্থীর সহায়তায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ পাওয়ার অভিযোগে চার চাকরিপ্রার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার (২১ জুলাই) দিন ধার্য করা হয়েছে।
কারাগারে পাঠানো চার আসামি হলেন- মো. রাসেল রানা লিটন (৩২), মো. আলিম (২৮), মো. আলী হায়দার (২৯) ও মো. মাসুদ ফকির (৩১)।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে অফিস সহায়ক পদে ২০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর ধারাবাহিকতায় ১৯ জুন লিখিত এবং ২৪, ২৫ ও ২৬ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৬ জুলাই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয় এবং ১৯ জুলাই সকাল ১০টার মধ্যে সচিবালয়ের নির্ধারিত কক্ষে যোগদানপত্র জমা দিতে বলা হয়।
নির্ধারিত দিনে চার প্রার্থী সচিবালয়ে যোগদান করতে গেলে তাদের পরিচয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে মৌখিক পরীক্ষার সময় ধারণ করা ছবি ও সংরক্ষিত তথ্যের সঙ্গে উপস্থিত ব্যক্তিদের মুখাবয়ব মিলিয়ে দেখা হয়। ফেস ভেরিফিকেশনে গুরুতর অসংগতি ধরা পড়লে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে নিয়োগপত্র পাওয়ার কথা স্বীকার করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সচিবালয় থেকে চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার (হিমেল) চার আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।
অন্যদিকে আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়। আসামি রাসেল রানা লিটন ও আলী হায়দারের পক্ষে আইনজীবী নাজনীন আক্তার এবং মাসুদ ফকিরের পক্ষে আইনজীবী মো. মনির হোসাইন শুনানিতে অংশ নেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুপসীবাংলা৭১/এআর

