নিজস্ব প্রতিনিধিঃ
টানা ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। একই সঙ্গে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ।
সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড়ের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে পিচ উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি ও কাদা জমে এসব গর্ত এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্বরোড মোড়ে একটি মালবাহী পিকআপ ভ্যান কাদা ও গর্তে আটকে গেলে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, মহাসড়কের পরিস্থিতি এতটাই খারাপ যে একটি যানবাহন বিকল হলেই পুরো সড়কে অচলাবস্থা তৈরি হচ্ছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহন উদ্ধারেও অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগ মাঝেমধ্যে ইট-খোয়া দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করলেও বৃষ্টির কারণে তা টিকছে না। রাতের বেলায় গর্ত দেখা না যাওয়ায় মোটরসাইকেলসহ ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।
চালক ও যাত্রীরা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি দ্রুত টেকসইভাবে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

