প্রিয়ন্ত মন্ডল :
রাজধানীর মতিঝিল ও কমলাপুর এলাকায় অবস্থিত ১৭২টি অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ কার্যক্রম স্থগিত এবং পরিকল্পিত পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি। আজ সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতিঝিল ও কমলাপুর এলাকায় দীর্ঘ ২৫ বছর ধরে এসব ওয়ার্কশপ পরিচালিত হয়ে আসছে। হঠাৎ করে এসব প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলে হাজার হাজার শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়বে। একই সঙ্গে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা যা বলেন:
সমিতির নেতৃবৃন্দ বলেন, অটোমোবাইল ওয়ার্কশপগুলো কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এগুলো একেকটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠান থেকে দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া নিয়মিত ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধিতেও এই খাতের উদ্যোক্তারা ভূমিকা রাখছেন।
প্রধান দাবিগুলো হলো:
উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখা।
পর্যাপ্ত সময় প্রদান করা।
একটি পরিকল্পিত ও মানবিক পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে এই খাতকে টেকসইভাবে পরিচালনার সুযোগ করে দেওয়া।
সমিতির সভাপতি ইঞ্জি. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, বিষয়টি মানবিক ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন।
উপস্থিত নেতৃবৃন্দ:
সংবাদ সম্মেলনে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
১. ইঞ্জি. জাহাঙ্গীর আলম (সভাপতি)
২. মো. রফিকুল ইসলাম রঞ্জু (মহাসচিব)
৩. আজহারুল ইসলাম সেলিম (কার্যকরী মহাসচিব)
৪. মো. আব্দুস রাজ্জাক (সহ-সভাপতি)
৫. মো. হানিফ মোল্লা (সহ-সভাপতি)
৬. রহমত উল্লাহ (সহ-সভাপতি)
৭. মো. কামাল হোসেন (যুগ্ম মহাসচিব)
৮. মো. আরিফুল আবরার (যুগ্ম মহাসচিব)
৯. মো. শাহজাহান কবির (দপ্তর সম্পাদক)
১০. মো. সহিদুল ইসলাম (প্রচার সম্পাদক)
১১. মো. মনির সিকদার (শ্রম সম্পাদক)
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যথাযথ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হলে তা এই শিল্পের সাথে জড়িত বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলবে।

