নিজস্ব প্রতিনিধি : বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়নের দাবিতে ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত গণকর্মচারীদের ভূখা মিছিলে আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক বলপ্রয়োগের মাধ্যমে জলকামান, সাইন্ডগ্রেনেড, টিয়াগ্যাস, লাঠিচার্জ ইত্যাদিতে আহত শাতধিক কর্মচারী যাদের মধ্যে অনেক কর্মচারী এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ-এর পক্ষ থেকে আমরা এই পুলিশী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহত কর্মচারীদের সু-চিকিৎসার জন্য সরকারের যথাযথ কর্তপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। উক্ত ঘটনার প্রতিবাদে এবং আহত সহকর্মীদের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন আজ ০৭/২/২০২৬ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নীতি-নির্ধারনী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আল আজাদ তার সূচনা বক্তব্যে বলেন যে মুহুর্তে দেশের ২২ লক্ষ গণকর্মচারীগণ ৯ম বেতন স্কেল বাস্তবায়নের জন্য অপেক্ষমান ঠিক সে মুহুর্তে সরকারের অর্থ উপদেষ্টার বক্তব্যে পর্যাপ্ত অর্থ সংস্থান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদি তাই হয় তাহলে প্রজ্ঞাপন জারীতে এই সময় ক্ষেপন কোনভাবেই মেনে নেয়া যায় না। উদ্ভুত এই পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে । এমতাবস্থায় গণকর্মচারীদের বহুল প্রত্যাশীত বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করে সরকার গণকর্মচারীদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনায় নিয়ে একটি মহল বিশেষ রাজনৈতিক ইচ্ছার প্রতিফলনের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। প্রজ্ঞাপন জারী না করায় গণকর্মচারীগণ মারাত্মকভাবে ব্যথিত, ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে।
গণকর্মচারীদের প্রত্যাশিত বেতন কাঠামো বাস্তবায়ন না হলে চলমান নির্বাচনী কর্মকান্ড ব্যহত হতে পারে বলে আমরা আশংকা করছি। তাই জরুরী ভিত্তিতে অবিলম্বে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী’সহ ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর এবং জাতীয় নির্বাচনের পূর্বেই তা বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি।
সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজের উপস্থাপিত একমাত্র দাবি হচ্ছে অবিলম্বে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারী’সহ ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর এবং জাতীয় নির্বাচনের পূর্বেই তা বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন সিকদার, কার্যকরী সভাপতি মোঃ সেলিম ভূইয়া, ডিপিডিসি কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রনকুল হাসান, বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আজগর আলী, সমন্বয় পরিষদের সহ-সভাপতি রফিকুল ইসলাম মামুন, বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সভানেত্রী ফাহমিদা আক্তার ইলা, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, জীবন বীমা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির, বাংলাদেশ আন্ত-বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক এ.এস.এম শাহিন, পেনশনার্স এসোসিয়েশন বাংলাদেশ এর আহ্বায়ক এম.এ আউয়াল, সদস্য সচিব মোঃ তোয়াহা, সহ সভাপতি মোঃ কলিম উল্লাহ’সহ বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

