নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ঘাটে এম. ভি. নুর মোহাম্মদ-২ জাহাজের শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সরকার-মালিক-শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠকে ফলপ্রসূ সমঝোতা হয়েছে। আজ ০৯ এপ্রিল ২০২৬ বৃহঃষ্পতিবার সকাল ১০টায় ঢাকার মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের পরিচালক সম্মেলন কক্ষে বিআইডব্লিউটিএ-এর পরিচালক (বন্দর ও পরিবহন) জনাব আরিফ উদ্দিনের সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নৌ-শ্রমিকরা আজ থেকেই কাজে যোগ দিচ্ছেন।

বৈঠকে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, হামলায় আহত সকল শ্রমিকের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ঘাট মালিক পক্ষ বহন করবে এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হবে। সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার ও মালিক পক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা রোধে শ্রমিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘাটে বার্ধিং টোল আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না এবং শুধুমাত্র সরকার নির্ধারিত হারেই টোল আদায় নিশ্চিত করা হবে।
বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব মোঃ শাহ আলম বলেন, শ্রমিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে প্রশাসনের আশ্বাস এবং মালিক পক্ষের সম্মতিতে আমরা সন্তুষ্ট। নৌ-চলাচল স্বাভাবিক রাখতে আমি সকল শ্রমিককে অবিলম্বে কাজে ফেরার নির্দেশ দিচ্ছি। বিআইডব্লিউটিএ-এর পরিচালক জনাব আরিফ উদ্দিন জানান, নৌ-পথের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর এবং যেকোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি মোঃ আজিজুল হক মাস্টার, প্রচার সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ জয় খান, অন্যতম নেতা মোঃ বদিউল আলম মাস্টার এবং বিআইডব্লিউটিএ-এর নারায়ণগঞ্জ বন্দর কর্মকর্তা। এছাড়াও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আতিকুল ইসলাম টিটু, নিতাইগঞ্জ ঘাটের ইজারাদার মোঃ শিবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মাস্টার, সহ-সভাপতি মোঃ জলিল সিকদার, যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হোসেন মিলনসহ এম. ভি. নুর মোহাম্মদ-২ জাহাজের শ্রমিকবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

