নিজস্ব প্রতিনিধি //
আজ ৯ মার্চ ২০২৬ তারিখ বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাসূত্রে জানা যায়, নিহত জাকির হোসেনের মেয়ে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে। অভিযুক্তদের মধ্যে ফাইম মিয়াজী, মো. সাফিন, রিফাত বেপারী, রিয়াদ শিকদারসহ ১০ থেকে ১৫ জন প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে ওই মেয়েকে উত্ত্যক্ত করত। জাকির হোসেন মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ২৩ ফেব্রæয়ারি সোমবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজারে জাকির হোসেনের ওপর হামলা চালায়। তাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করা হয়। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত ৮ মার্চ রোববার ভোরে তিনি মারা যান।
এই ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। দেশের বিভিন্ন অঞ্চলে পথে-ঘাটে, স্কুলে চলাচলের পথে মেয়ে শিক্ষার্থীরা এলাকার বখাটেদের দ্বারা প্রতিনিয়ত এ ধরণের উত্ত্যক্তকরণের শিকার হচ্ছে। ঘটনার প্রতিবাদের কারনে হামলা ও নৃশংস অত্যাচারের শিকার হয়ে প্রতিবাদকারী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটছে। এসব ঘটনা নারী ও কন্যার সার্বিক উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এবং তাদের নিরাপত্তা, স্বাধীন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ মহিলা পরিষদ উপরোক্ত হত্যার ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণ এবং স্কুলছাত্রীদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে অনুরোধ জানাচ্ছে। সেই সাথে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের আলোকে যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ বন্ধে যৌন নিপীড়ন নিরোধ কমিটি গঠন এবং গঠিত কমিটি যথাযথভাবে কাজ করছে কি না তা মনিটরিং করার বিষয়ে জোর দাবি জানাচ্ছে। একই সাথে মহিলা পরিষদ নারীর প্রতি সকল প্রকার অপতৎপরতা ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছে।


