নিজস্ব প্রতিবেদক//
বছর ঘুরে আবার এল সেই প্রতীক্ষিত সন্ধ্যা। চট্টগ্রামের ফ্যাশনপ্রেমী ও ডিজাইনারদের ‘ক্যালেন্ডারে’ আলাদা করে দাগ কাটা থাকে এই দিনটি। আজ সোমবার সন্ধ্যায় তাঁরা মিলিত হলেন ‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আয়োজনে। এটি যেন ঈদ সামনে রেখে রং, নকশা আর সৃজনের এক উৎসব।
নগরের পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু বে ভিউর মেজবান হল আলোঝলমলে আয়োজনে রূপ নেয় সন্ধ্যা সাতটার আগেই। মঞ্চে আলো জ্বলে ওঠার আগেই মিলনায়তন ভরে যায়। কেউ পুরোনো পরিচিতের সঙ্গে খোশগল্পে, কেউবা ব্যস্ত ছবি তুলতে। উৎসবের আগাম আবহ যেন দর্শকদের মধ্যেই তৈরি হয়ে যায়। সুরের মূর্ছনা আর নৃত্যের ছন্দে শুরু হয় অনুষ্ঠান। উপস্থাপক স্মিতা চৌধুরীর সঞ্চালনায় আনুষ্ঠানিক পর্বের সূচনা হয়।
১৯৯৮ সালে যাত্রা শুরুর পর থেকে চট্টগ্রামে নিয়মিত বসছে এই ফ্যাশন আসর। এবার ২৫তম আয়োজন। প্রতিবছরই নতুন ডিজাইনারদের কাজ, নতুন ধারা আর নকশার বৈচিত্র্য এখানে উঠে আসে। ঈদকে ঘিরে পোশাকের যে প্রস্তুতি, তার একটি ঝলক যেন এই মঞ্চেই দেখা যায় আগে আগে।
‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আয়োজনে মডেলদের ক্যাটওয়াক। আজ সন্ধ্যায় চট্টগ্রামে নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউর মেজবান হলে
এবারের ফ্যাশন আয়োজনে অংশ নিচ্ছেন নির্বাচিত সাত ডিজাইনার। তাঁরা হলেন ফারজানা মালিক, সুলতানা নুরজাহান রোজী, সায়মা সুলতানা, এইচ এম ইলিয়াছ, আইভি হাসান, নূজহাত নূয়েরী কৃষ্টি ও নাসরিন সরওয়ার মেঘলা। তাঁদের নকশায় ফুটে ওঠে আসন্ন ঈদের আবহ, সময়ের ধারা আর ঐতিহ্যের ছোঁয়া।
ডিজাইনাররা জানান, ঈদের পোশাক নকশায় প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড় ও আবহাওয়ার উপযোগিতা। রঙের ব্যবহারে রাখা হয়েছে উজ্জ্বলতার দীপ্তি ও নরম টোনের সংযত ভারসাম্য। ঐতিহ্যবাহী মোটিফকে আধুনিক কাট ও পরিমিত নকশায় নতুনভাবে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে লক্ষ্য একটাই—উৎসবের আনন্দের ভেতরও পরিধানকারীর নিজস্ব স্বরকে স্পষ্ট করে তোলা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, সমাজে ইতিবাচক উদ্যোগের অংশ হিসেবেই প্রথম আলো নানা আয়োজন করে থাকে। কৃতী শিক্ষার্থী সম্মাননা, শিক্ষক সম্মাননাসহ বিভিন্ন উদ্যোগ তার উদাহরণ। ঈদ ফ্যাশনও সেই ধারার একটি আয়োজন। তাঁর ভাষায়, প্রতিবছর এ অনুষ্ঠানের জন্য চট্টগ্রামের ফ্যাশনপ্রেমীরা অপেক্ষা করেন। এই মঞ্চ থেকেই অনেক ডিজাইনারের পথচলা শুরু হয়েছে। নতুনদের অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য।
‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আয়োজনে শিল্পীদের নাচ পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের
‘আদি মোহিনী মোহন কাঞ্জিলাল-প্রথম আলো ঈদ ফ্যাশন’ আয়োজনে শিল্পীদের নাচ পরিবেশনা মুগ্ধ করে দর্শকদেরছবি: সৌরভ দাশ
কথামালার পরই শুরু হয় একের পর এক ফ্যাশন কিউ। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মাতা রেদওয়ান রনি।
এবারের আয়োজনে সহযোগী হিসেবে আছে বার্জার পেইন্টস বাংলাদেশ ও ফ্যাশন হাউস মেঘরদ্দুর। সার্বিক সহযোগিতায় রয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। রূপচর্চা সহযোগী হিসেবে আছে পারসোনা। নৃত্য পরিবেশনা করেন নৃত্যশিল্পী প্রমা অবন্তি ও স্বপন বড়ুয়া।
