নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণ এবং পুরাতন খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ ও পুনঃখননের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আজ ১০ জুন বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, হবিগঞ্জ শহরের উচাইল মার্কেট সংলগ্ন পুকুরসহ অনেকগুলো পুকুর-জলাশয় এবং পুরাতন খোয়াই নদী দিন দিন ভরাট ও দখলের শিকার হচ্ছে।

এসব জলাশয় সংরক্ষণ না করলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক সমস্যার ঝুঁকি বৃদ্ধি পাবে। তারা আরও বলেন, পুরাতন খোয়াই নদী দখল ও ভরাটের কারণে নদীটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। তাই এই নদীর প্রকৃত সীমানা চিহ্নিত করে অবৈধ দখল উচ্ছেদ এবং দ্রুত পুনঃখননের মাধ্যমে একে পুনরুজ্জীবিত করতে হবে। পথসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জেলা বাপা সদস্য তবারক আলী লস্কর, এডভোকেট তাহমিনা আক্তার জলি, খোয়াই রিভার ওয়াটারকিপার ও জেলা বাপা’র সহ-সভাপতি তোফাজ্জল সোহেল, এডভোকেট জসিম উদ্দিন, জেলা বাপা সদস্য আব্দুল কাইয়ুম, শামীম আহমেদ, সমাজকর্মী দেওয়ান শোয়েব রাজা, জেলা বাপা সদস্য আব্দুল হালীম, মো: রায়হান, সাইফুল ইসলাম, সংবাদকর্মী সৈয়দ রাশিদুল হক রুজেন, স্বপ্ন সোসাইটি’র প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, দপ্তর সম্পাদক রাফিকুল ইসলাম সৈকত প্রমুখ।
মানববন্ধন শেষে বাপা’র প্রতিনিধি দল হবিগঞ্জের জেলা প্রশাসক এর নিকট উল্লিখিত দাবি-দাওয়া জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ স্মারকলিপি গ্রহণ করেন ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

