স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনিয়ম ও তদবির বাণিজ্যের অভিযোগ: প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
বিশেষ প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কার্যক্রমে অনিয়ম, দুর্নীতি ও তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী মহলের দৃষ্টির অগোচরে একটি চক্র পুরো স্বাস্থ্য প্রশাসনে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র দাবি করেছে। অনুসন্ধানে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তথা এপিএস মনিরুজ্জামান ছোটনের নাম ভাঙিয়ে একটি সিন্ডিকেট বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার করছে।
ইডিসিএলের বদলি বিতর্ক ও আর্থিক লেনদেনের অভিযোগ
রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপ-ব্যবস্থাপক (এডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এর আগে ২০১৩ সালেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল।
সাম্প্রতিক সময়ে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে শামীম আহমেদকে ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়। তবে এই বদলি ঠেকাতে এবং পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনতে এপিএস ছোটনের সাথে একটি মহলের নগদ ১০ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে স্থানীয়ভাবে গুঞ্জন ও অভিযোগ রয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। এছাড়া, ইডিসিএলের ভেতরে ক্রয়সংক্রান্ত ও প্রশাসনিক কার্যক্রমে কথিত ‘তুষার সিন্ডিকেট’-এর তৎপরতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ
ইডিসিএলের বগুড়া কার্যালয়ে ছাব্বির আহমেদ নামের এক ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ তুলেছে একটি পক্ষ। অভিযোগ রয়েছে যে, কোনো ধরনের স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া বা অভিজ্ঞতা যাচাই ছাড়াই তাকে বগুড়া কারখানায় ‘সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় এপিএস ছোটন ও শামীম চক্রের প্রত্যক্ষ প্রভাব ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।
নার্সিং অধিদপ্তরে চাপ প্রয়োগের অভিযোগ
তদবির ও বদলি বাণিজ্য কেবল ইডিসিএলেই সীমাবদ্ধ নয় বলে অভিযোগ উঠেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) দিল আফরোজকে বিভিন্ন অবৈধ তদবির ও বদলির জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানা গেছে। মন্ত্রীর নাম ভাঙিয়ে বিভিন্ন অবৈধ দাবি বাস্তবায়নের চেষ্টা চলছে, যা প্রশাসনিক শৃঙ্খলার ওপর বিরূপ প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

