রুপসীবাংলা৭১ লাইফস্টাইল ডেস্ক : কাল বিজয়া দশমী। এ দিনে মজাদার খাবার খাওয়া হয়। পাতে থাকে আমিষের বাহারি পদও। কাল চিকেনের দুই পদ যেমন গার্লিক হানি চিকেন এবং ডাল চিকেন মাসালাকারি রান্না করতে পারেন। আসুন তাহলে জেনে নেয়া যাক দশমীতে যেভাবে রান্না করবেন মুরগির মাংসের দুই পদ।
গার্লিক হানি চিকেন
উপকরণ: মুরগির মাংস ১ কেজি, আদা-রসুন বাটা ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, টমেটো সস ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মধু ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, সাদা তিল আধা চা চামচ, ধনে পাতা আধা চা চামচ, পেয়াজ কলি সামান্য।
প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মুরগির মাংস, আদা রসুন বাটা, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, ধনিয়া ও গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে ১ ঘন্টা রাখুন। প্যান গরম করে সামান্য পরিমাণ বাটার ও পরিমাণমতো রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো মসলাসহ বাটারে দিন। কিছুক্ষণ এপিঠ ওপিঠ করে ভাজুন। এরপর মধু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। সাদা তিল, ধনে পাতা, পেঁয়াজ কলি দিয়ে পরিবেশন করুন।
ডাল চিকেন মাসালাকারি
উপকরণ: বুটের ডাল সেদ্ধ ১ কাপ, মুরগি ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল ৪ টেবিল চামচ, আদা রসুন বাটা ১/২ কাপ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২ টি, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করুন। তেজপাতা ও পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। ভাজা হলে লবণ, আদা-রসুন বাটা, হলুদ-মরিচ গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে ভাজুন। তেল ছেড়ে আসলে মুরগির মাংস দিয়ে জিরা, ধনিয়া ও গরম মসলা দিয়ে ১৫ মিনিটের মত কষান। ভালো করে ভাজা ভাজা হলে, সেদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে কিছুটা পানি দিন। পাচ মিনিট ফুটিয়ে নিন। এবার কাচামরিচ কেটে উপরে ছড়িয়ে দিন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
রুপসীবাংলা৭১/এআর


