গৌতম কুমার এদবার (Gautam Kumar Edbor): ঢাকা, ৪ অক্টোবর ২০২৬: বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয়েছে ‘স্পুটনিকফেস্ট ২০২৬’। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও অতিথিরা অংশ নেন।

১৯৫৭ সালের ৪ অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-১ মহাকাশে উৎক্ষেপণ করে। মানবজাতির মহাকাশ অনুসন্ধানের ইতিহাসে এই উৎক্ষেপণকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে আয়োজিত এবারের উৎসবের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা।
অনুষ্ঠানে স্পুটনিক-১ ও আধুনিক মহাকাশ অনুসন্ধান নিয়ে আলোকচিত্র প্রদর্শনী, স্কুল-কলেজ শিক্ষার্থীদের বিজ্ঞান কুইজ, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে সেমিনার, সনদপত্র বিতরণ এবং টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. রেহেনা নাসরিন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন এবং ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয় বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বাড়ানোর পাশাপাশি পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন। তারা তরুণদের মহাকাশবিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন ক্ষেত্র সম্পর্কে জানার এবং গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনয় রাশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ তুলে ধরেন। বিশেষ করে মহাকাশ প্রকৌশল, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও উন্নত প্রযুক্তিনির্ভর বিষয়ে রুশ সরকারের সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।


