রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে জাপান। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের বিভিন্ন সেমিস্টারে নেক্সাস গ্রুপের মাধ্যমে ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছেন।
এই সাফল্য উদযাপন, শিক্ষার্থীদের হাতে ভিসাসহ পাসপোর্ট তুলে দেয়া এবং জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের লক্ষ্যে নেক্সাস গ্রুপ আয়োজন করে ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন পূরণের মিলনমেলা’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন নেক্সাস গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমান। বক্তব্যে তিনি জাপানে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল সেমিস্টারে ২৫০ জন, জুলাই সেমিস্টারে ৯৬ জন এবং সেপ্টেম্বর সেমিস্টারে ১৪২ জন—মোট ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইড ইন্টারন্যাশনাল একাডেমির চিফ অপারেশনাল অফিসার ইউয়া নাগা কিকুও। তিনি বলেন, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সে তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীরা এখনো পিছিয়ে রয়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা অনেক বেশি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ও নেক্সাস-এনপিআইয়ের ডিরেক্টর প্রকৌশলী মো. শামসুর রহমান এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ইদ্রিস আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নেক্সাস গ্রুপের ডিরেক্টর মাহমুদা রহমান, নেক্সাস-এনপিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল ইসলাম, সিইও মাসুদুল হাসান জায়েদীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষকরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জাপানযাত্রা সহজ ও সুসংগঠিত করতে নেক্সাস গ্রুপ প্রায় এক দশক ধরে কাজ করছে। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি সাত মাসের বিনামূল্যের প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে। এতে N5 ও N4 পর্যায়ের জাপানি ভাষা প্রশিক্ষণ, দূতাবাসের সাক্ষাৎকার প্রস্তুতি, পার্ট-টাইম চাকরির সাক্ষাৎকার এবং সিভি লেখার প্রশিক্ষণ দেওয়া হয়।
এছাড়া, ফাইল ওপেনিং চার্জ ছাড়াই ভিসা প্রসেসিং, ব্যাংকিং সহায়তা এবং জাপানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে অভ্যর্থনা, আবাসন ও পার্ট-টাইম কাজের ক্ষেত্রে সহযোগিতাসহ বিভিন্ন সেবা দেওয়া হয় বলে জানায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শেষ পর্বে সফল শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ভিসাসহ পাসপোর্ট তুলে দেয়া হয়। পরে বুফে লাঞ্চের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রুপসীবাংলা৭১/এআর


