শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সাম্প্রতিক সংকট কাটিয়ে আগামীকাল মঙ্গলবার রাত থেকে সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস পেয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক এ কথা জানিয়েছেন।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফজলুল হক বলেন, সাম্প্রতিক সংকট কাটিয়ে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সরবরাহ আগের অবস্থায় ফিরবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীকাল রাত থেকেই গ্যাস-বিদ্যুতের সরবরাহ আগের অবস্থায় ফিরে যাবে। এটা আজকের বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় স্বস্তির খবর।
‘আগের অবস্থা’ বলতে কোন সময়ের পরিস্থিতি বোঝানো হয়েছেÑএ বিষয়ে এফবিসিসিআই প্রশাসক বলেন, ‘আগস্ট মাসে যে সংকট তৈরি হয়েছে, তার আগের অবস্থার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষই কমবেশি জ্বালানি সংকটে ভুগছেন। প্রধানমন্ত্রী আগামীকাল রাত থেকেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।
বিজিএমইএ, মেট্রোপলিটন চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
এ সময় বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থান ও শিল্পায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি কয়েকটি পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। গত ১৬ বছরে পুঞ্জীভূত সংকট দ্রুত সমাধান করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন।
মাহদী আমিন বলেন, গ্যাস, বিদ্যুৎ ও কয়লা থেকে একটি সমন্বিত উৎপাদনমুখী ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে বিদ্যুৎ খাতে স্বনির্ভরতার পাশাপাশি সৌরশক্তিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বলেন, সামনের দিনগুলোতে আমাদের বিদ্যুৎখাত বৈচিত্র্যময় হবে এবং আমাদের জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ হব।


