রুপসীবাংলা ৭১ঃ জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। প্রথম দিনেই সরকারের বিভিন্ন নীতি ও বিল উত্থাপন নিয়ে বিরোধী দলের সঙ্গে তুমুল বিতর্ক হয়। একপর্যায়ে বিরোধী দল ওয়াকআউট করে। তাদের অভিযোগ, জনদুর্ভোগ ও সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদেই এসব বিষয়ে আলোচনা ও সমাধানের পথ বের করতে হবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতে রাষ্ট্রপতির অভিনন্দন, নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষয়ক্ষতির ঘটনায় শোক, জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। পরে আইনশৃঙ্খলা, পররাষ্ট্রনীতি, উন্নয়ন প্রকল্প, পানি বণ্টন, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে গণতান্ত্রিক, শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহান জাতীয় সংসদ ও ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান স্পিকার। তার আশা, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা আরো সুদৃঢ় হবে।
হাফিজ উদ্দিন আহমদ সংসদকে জনগণের আশা-আকাঙ্ক্ষার সর্বোচ্চ কেন্দ্র হিসেবে উল্লেখ করে দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
এরপর কার্যপ্রণালী বিধির ১২(১) বিধি অনুযায়ী তৃতীয় অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- গয়েশ্বর চন্দ্র রায়, জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, নিলুফার চৌধুরী মনি ও মুজিবুর রহমান। অধিবেশনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ প্রয়াত সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নেপালের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায়ও সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, নেপালের দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধারকাজ ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।


