দেশের বিভিন্ন স্থানে একের পর এক অস্বাভাবিক ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। রংপুর, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, কক্সবাজার, কুমিল্লা, মানিকগঞ্জ ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দ্রত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। আজ বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এ দাবি জানান। সমাবেশে বক্তব্য প্রদানকালে প্রাণ তোষ তালুকদার রংপুরের মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, অপরাধীদের সনাক্ত করে গ্রেপ্তার ও নিরপেক্ষ জ্যুডিশিয়াল তদন্তের জোর দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে অ্যাড. উজ্জ্বল প্রসাদ কানু বলেন, দেশের সাধারণ মানুষ আজ নিজ ঘরেও নিরাপদ বোধ করছে না। লোডশেডিং, গ্যাস ও পানির সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের কারণে জনমনে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনিল পাল তার বক্তব্যে দেশে উগ্রবাদ ও মৌলবাদী তৎপরতার উত্থানে উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেশের সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। অন্যদিকে সন্তোষ চন্দ্র দাস ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় না দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান। এছাড়াও সুবীর কান্তি ধর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় ৬ দফা দাবি তুলে ধরেন: দেশের সকল হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পত্তিকরণ। রংপুর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে জ্যুডিশিয়াল তদন্ত। চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন। উগ্রবাদী ও মৌলবাদী তৎপরতা নিয়ন্ত্রণ। সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতার পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণ। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান। বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়ের পরিচালনায় উক্ত কর্মসূচিতে বিএসপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ভক্ত সংঘ সোসাইটি বাংলাদেশ, বিশ্ব হিন্দু ফেডারেশন, বাংলাদেশ দেশওয়ালি সমাজ, বাংলাদেশ সনাতন কল্যাণ জোট ও বাংলাদেশ লোকনাথ ফাউন্ডেশনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন


