রুপসবিাংলা৭১ প্রতিবেদক : খুলনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন নতুন পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। তিনি বলেছেন, পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
এসপি সরকার ওমর ফারুক বলেন, খুলনায় অপরাধীর সংখ্যা খুবই কম। তবে মাদক, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
এসব অপরাধ মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবে। তবে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও জরুরি।
সাংবাদিকদের উদ্দেশে নতুন এসপি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার তথ্য পুলিশের কাছে পৌঁছে দিতে হবে।
সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। এর মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।
অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতার প্রসঙ্গে সরকার ওমর ফারুক বলেন, এটি শুধু খুলনার সমস্যা নয়; সারা দেশেই এ ধরনের সমস্যা রয়েছে। এ সমস্যা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মতবিনিময়সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
রুপসবিাংলা৭১/এআর


