রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানে হারে বাংলাদেশ। তবে এই হারের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় খুব একটা পিছিয়ে পড়েনি নাজমুল হোসেন শান্তর দল। বরং ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখনো চার নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে ৯টি দল খেলছে মোট ২৭টি সিরিজ ও ৭১টি টেস্ট। প্রতিটি জয়ের জন্য ১২ পয়েন্ট, টাই হলে ৬ এবং ড্র হলে ৪ পয়েন্ট। তবে দলগুলো সমানসংখ্যক ম্যাচ না খেলায় অবস্থান নির্ধারিত হচ্ছে মোট পয়েন্ট দিয়ে নয়, অর্জিত পয়েন্টের শতকরা হার পিসিটি দিয়ে। চক্র শেষে শীর্ষ দুই দল খেলবে লর্ডসের ফাইনালে।
বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৬ টেস্ট। তিন জয়ের সঙ্গে আছে দুই হার ও একটি ড্র। মোট ৪০ পয়েন্ট নিয়ে শান্তদের পিসিটি ৫৫.৫৬ শতাংশ। পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশকে পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করে দিয়েছে। ম্যাকাইয়ের হার তাই বড় ধাক্কা হলেও ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেনি।
বাংলাদেশের সামনে এখনো বাকি ছয়টি টেস্ট। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে এবং দক্ষিণ আফ্রিকার মাঠে দুটি। অর্থাৎ নিজেদের মাঠের চার টেস্ট বাংলাদেশের জন্য হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চার ম্যাচেই জয় পেলে পিসিটি ৬০ শতাংশের ওপরে নেওয়ার সুযোগ তৈরি হবে। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকায় অন্তত একটি জয় যোগ করতে পারলে পিসিটি আরও ওপরে উঠে যাবে এবং ফাইনালের দৌড়ে বাংলাদেশের অবস্থান হবে আরও শক্ত।
রুপসীবাংলা৭১/এআর


