রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : বৈশ্বিক বাণিজ্যের অনিশ্চয়তা, উচ্চ সুদের ব্যাংকঋণ, জ্বালানিসংকট ও প্রশাসনিক জটিলতার কারণে ব্যবসা পরিচালনা ক্রমে কঠিন হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ধানমণ্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীরা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসা পরিচালনা ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার ডিজিটাইজেশন, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান তাঁরা।
গতকাল শনিবার রাজধানীর নিউ ধানমণ্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়সভায় এসব দাবি জানানো হয়। সভায় ধানমণ্ডি-মোহাম্মদপুর এলাকার ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কর ও ভ্যাট সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রতিবন্ধকতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে।
একই সঙ্গে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের বিক্রি ও টার্নওভারে নেতিবাচক প্রভাব ফেলছে।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক বাজেটে উৎস করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎস কর হ্রাস এবং সিএমএসএমই খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা ইতিবাচক পদক্ষেপ হলেও উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং সরকারি ব্যাংকঋণনির্ভরতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত করছে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী, এনবিআরের দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা, ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ডিএমপির উপকমিশনার মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বক্তব্য দেন।
তাঁরা ব্যবসা সহজীকরণ, করব্যবস্থার আধুনিকায়ন, চাঁদাবাজি দমন, ট্রেড লাইসেন্স সেবা উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করা, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে প্রণোদনা, নতুন উদ্যোক্তাদের এলসি সুবিধা সম্প্রসারণ, রিয়েল এস্টেট খাতে করহার হ্রাস, চশমাশিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণ এবং ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের দাবি জানান। অনুষ্ঠানের শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্য পদ সনদ প্রদান করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

