নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ৭ মে ২০২৬-এ ঢাকায় আইজিসিসি প্রাঙ্গণে “সম্প্রীতি” শীর্ষক দশ দিনব্যাপী একটি শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেছে।
এই প্রদর্শনীটিতে দুই দিনব্যাপী একটি আর্ট ক্যাম্পে ৩৩ জন প্রখ্যাত সমসাময়িক বাংলাদেশি শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যাঁদের মধ্যে অনেকেই আইসিসিআর স্কলার; তাঁদের মাঝে রয়েছেন রফিকুন নবী, মনিরুল ইসলাম, আব্দুস শাকুর, আব্দুস সাত্তার, ফরিদা জামান, রঞ্জিত দাস, জামাল আহমেদ, নাইমা হকসহ আরও বেশ কয়েকজন খ্যাতিমান বাংলাদেশি শিল্পী।

এই অনুষ্ঠানটি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর সঙ্গে যুগপৎ অনুষ্ঠিত হয়েছে, যাঁর কালজয়ী সাহিত্যিক ও শৈল্পিক পরম্পরা বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
এই প্রদর্শনীটির উদ্বোধনকালে, হাই কমিশনার প্রণয় ভার্মা ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান অভিন্ন শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এই দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করেন, শিল্পকলা হলো অন্যতম শক্তিশালী একটি মাধ্যম, যার দ্বারা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যকার বন্ধন সীমান্ত অতিক্রম করে প্রকাশিত ও পুনর্নবীকৃত হয় এবং সংলাপ, সহমর্মিতা ও সম্প্রীতির ক্ষেত্র সৃষ্টি করে।হাই কমিশনার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ স্থাপনকারী সর্বাগ্রগণ্য প্রতীকী ব্যক্তিত্ব এবং সৃজনশীলতা, মানবতাবাদ ও সাংস্কৃতিক সম্প্রীতির আদর্শের মূর্ত প্রতীক হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে।

এই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রবীণ শিল্পী অধ্যাপক রফিকুন নবী ও মনিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, “সম্প্রীতি” ভারত ও বাংলাদেশের মধ্যে আরও বেশি করে শিল্পী বিনিময়ের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে এবং সাংস্কৃতিক সম্পর্ককে আরও গভীর করে তুলবে। এই প্রদর্শনীটি সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্ব ও জনগণের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে আইজিসিসি ও ভারতীয় হাই কমিশনের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে।“সম্প্রীতি” প্রদর্শনীটি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সম্প্রীতি, পারস্পরিক বোঝাপড়া ও শিল্পকলার ক্ষেত্রে সহযোগিতাকে উদ্যাপন করে। এই আর্ট ক্যাম্প ও প্রদর্শনীটি কিউরেট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সঞ্জয় চক্রবর্তী।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২০২৬ সালের ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত “সম্প্রীতি” আর্ট ক্যাম্পের ধারাবাহিকতায় এই প্রদর্শনীটি আয়োজিত হয়েছে। সাত দশকেরও বেশি সময় ধরে, শিল্পকলা, শিক্ষা, সঙ্গীত, সাহিত্য ও একাডেমিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার বন্ধনকে সুদৃঢ় করে আইসিসিআর ভারত ও বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে।
হাই কমিশনার সদ্যপ্রয়াত বিশিষ্ট বাংলাদেশি শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদনও করেন। তাঁর কালোত্তীর্ণ শিল্পীসত্তার প্রতি সম্মান প্রদর্শন করে তাঁর একটি শিল্পকর্ম এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক শাহনাজ নাসরিন ইলার রবীন্দ্র সঙ্গীত পরিবেশনায় সন্ধ্যাটি সমৃদ্ধ হয়ে ওঠে।
প্রদর্শনীটি ০৮ থেকে ১৭ মে ২০২৬ পর্যন্ত আইজিসিসিতে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

