রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিল ঢাকা লেপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করল মোহাম্মদ মিঠুনের দল। বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীর দেওয়া ১৮২ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় লেপার্ডস।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য রানে ফিরলে মাত্র ১২ রানে ২ উইকেট হারায় আকাশী-নীল শিবির। মাহিদুল ইসলাম অঙ্কন (৩৮) ও মেহেরব হাসানের (৩৮) পর শেষ দিকে তাণ্ডব চালান সাব্বির রহমান রুম্মন। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় তার অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় মোসাদ্দেক সৈকতের দল। লেপার্ডসের পক্ষে মইন খান ২১ রানে ৩ উইকেট নেন।
১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার জাকির হাসান। ৬৬ বলে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। এছাড়া জাওয়াদ আবরারের ২৩ ও সৈকত আলীর ২৮ রানের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেন ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস। শেষ দিকে জিশান আলম জোড়া উইকেট নিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ঢাকা লেপার্ডস।
রুপসীবাংলা৭১/এআর

