নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ছয় হাজার লিটার অকটেন মজুদ রেখে বিক্রি না করার অপরাধে লতিফ অ্যান্ড ব্রাদার্স নামের একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন ওই ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেলে পাম্পটিতে তেল বিক্রি বন্ধ রাখার অভিযোগ পেয়ে রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পাম্পটির রিজার্ভারে প্রায় ছয় হাজার লিটার অকটেন মজুদ পাওয়া যায়। কিন্তু তারা তেল বিক্রি বন্ধ রেখেছিল।
তিনি আরো জানান, মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী পাম্পটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ শেষ না হওয়া পর্যন্ত অকটেন বিক্রি চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

