নিজস্ব প্রতিনিধি //
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে। জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তেহরান পাল্টা আক্রমণ করছে। এমন প্রেক্ষাপটে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তার অবস্থান স্পষ্ট করেছে। ন্যাটো মহাসচিব বলেছেন, এই যুদ্ধে জোট হিসেবে তাদের অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
সোমবার ব্রাসেলসে জার্মান টেলিভিশন এআরডি-কে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ইরান যুদ্ধের সঙ্গে জোটকে সম্পৃক্ত করার ‘একেবারেই কোনো পরিকল্পনা নেই’।
তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন। তার ভাষায়, এই অভিযান ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে দিচ্ছে।
রুটে বলেন, ন্যাটোকে এতে টেনে আনা বা এর অংশ হওয়ার কোনো পরিকল্পনাই নেই। তবে পৃথক সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মতো করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপে সহায়তা করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
এদিকে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্র নিজ নিজ অবস্থান নির্ধারণ করছে। যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে আক্রমণের অংশ নয়; তবে ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
রবিবার যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে বলেছে, তারা অঞ্চলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবে। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ সক্ষমতা উৎসেই ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।


