নিজস্ব প্রতিনিধি : মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম ও আন্দোলনের গৌরবময় স্মৃতিবিজড়িত মহান ২১ ফেব্রুয়ারি’ ২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমাগত। যাঁদের আত্মদানে এই দিবসটি রঞ্জিত হয়েছে, ইতিহাসের মাইলফলক হিসেবে পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ বিনম্র শ্রদ্ধার সাথে তাঁদের স্মরণ করছে।
এদেশের ভাষা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীসমাজও সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই সংগ্রাম এদেশের মানুষের আত্মনিয়ন্ত্রণের ও আত্মমর্যাদার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ভাষা সংগ্রামের রক্তস্রোত ধারায় এদেশের মানুষের চেতনায় যে বাঙালি জাতীয়তাবাদ, মানবতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ধর্ম নিরপেক্ষতা বিকশিত হয় তার পরিপূর্ণ প্রকাশ ঘটে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।
বাংলাদেশ মহিলা পরিষদের আহ্বান, আসুন আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মাতৃভাষা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই। মাতৃভাষা দিবসকে সামনে রেখে সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনকারী প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ করে নারী নির্যাতনমুক্ত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করি।
বাংলাদেশ মহিলা পরিষদ সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিতকরণের জন্য একমুখী বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক, মানবিক শিক্ষা নীতির বিরুদ্ধে অপপ্রচার, বন্ধ করে মানবিক, যুক্তিবাদী, জেন্ডার সংবেদনশীল, কুসংস্কারমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম ও মানবাধিকারের মূল্যবোধ সম্পন্ন শিক্ষানীতি ও পাঠসূচি প্রণয়ন, এদেশের অন্যান্য সকল জাতিগোষ্ঠীর মাতৃভাষা প্রতিষ্ঠা ও বিকাশের উদ্যোগ গ্রহণের দাবি জানায়।
বাংলাদেশ মহিলা পরিষদ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

