শাহ কামাল সবুজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ী হেকমত আলী (৪০) হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।
নারায়ণগঞ্জ পিবিআই সূত্রে জানা গেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ (৩০) রূপগঞ্জ উপজেলার মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে। দণ্ডপ্রাপ্ত অপর আসামি মাহফুজুর রহমান (২৬) তার সহোদর ভাই।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।এই হত্যা মামলার তদন্ত শেষে পিবিআই নারায়ণগঞ্জ সম্পূরক অভিযোগপত্র (Supplementary Charge Sheet) দাখিল করে। পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।
উল্লেখ্য, হেকমত আলীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে। নারায়ণগঞ্জ, পিবিআই এ আই জি মোস্তফা কামাল রাশেদ বলেন, এ হত্যা মামলাটির সম্পূরক অভিযোগপত্র দাখিল করলে তারই প্রেক্ষিতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।


