রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : শুল্ক আরোপের হুমকি দিয়ে গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন দাবি করার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যাও এবার বাড়িয়ে বললেন।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত এবং সেই পরিস্থিতিতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। শুল্ক আরোপের হুমকি দিয়েই দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘ফক্স বিজনেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে।। আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধ না মেটাও, তবে আমি তোমাদের ওপর শুল্ক চাপিয়ে দেব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল।’
ফক্স বিজনেসের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছিল। শুল্কের ভয় না থাকলে এটা সম্ভব হতো না।’
গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন।
১০ মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট অসংখ্যবার দাবি করেছেন, ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল, তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি।
শুরুতে ট্রাম্প ভারত–পাকিস্তান সংঘাতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বর মাসে আটটি বলে দাবি করেন।
সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে ভারত।
ভারত গত বছরের ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়। পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
এর আগে ওই বছরের ২২ এপ্রিল পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জবাব হিসেবেই ভারত এই অভিযান চালায় বলে জানায় নয়াদিল্লি।
পরবর্তীকালে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রায় তিন ধরে চলে উভয় দেশের সংঘাত। ট্রাম্পের দাবি, সেই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
রুপসীবাংলা৭১/এআর

