নিজস্ব প্রতিনিধি : বিএনপিসহ দেশের প্রায় সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ‘ধর্মনিরপেক্ষা ও ধর্মীয় স্বাধীনতা’ বিলোপের এবং দেশের এক-দশমাংশ ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ ও অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি সামগ্রিকভাবে উপেক্ষিত থাকায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পরন্তু বিএনপি’র মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক আলজাজিরার সাথে সাম্প্রতিক সাক্ষাতকারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করে পরিচালিত সাম্প্রদায়িক সহিংসতাকে ‘নিছক রাজনৈতিক বিষয়’ উল্লেখে লঘু করে দেখানোর প্রবণতায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ঐক্য পরিষদ। নির্বাচনী প্রচারণায় মৌখিকভাবে নিরাপত্তার অভয়দান সংখ্যালঘু জনমনে কোনভাবে আস্থা ও আশা জাগাতে পারছে না।
আসন্ন সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক দল ও জোটসমূহের সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি এহেন নির্মম উপেক্ষা ও অবহেলা নিশ্চিতভাবেই তাদের হতাশ করেছে এবং ভবিষ্যতে সংখ্যালঘুদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় ধরণের চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, যার নেতিবাচক প্রভাব নির্বাচনে প্রতিফলিত হলে এজন্যে তাদের কোনভাবেই দায়ী করা যাবেনা।

