রুপসীবাংলা৭১ অন্যান্য ডেস্ক : উসমান ইবনু আফফান (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরে ও প্রতি রাতের সন্ধ্যায় যেকোনো বান্দা এ দোয়াটি তিনবার করে পাঠ করবে, কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না। (দোয়াটি হল)-
بِسْمِ اللَّهِ الَّذِي لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
উচ্চারণ : “বিসমিল্লা-হিল্লাযি লা ইয়াযুররু মাআসমিহি শাই্উন ফিল আরযি, ওয়ালা ফিস সামায়ি ওয়া হুয়াস সামীউল আলীম”।
(অর্থ : ‘আল্লাহ তা’আলার নামে’ যার নামের বারাকাতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।’)
আবান (রহ.)-এর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। (উক্ত হাদিস রেওয়ায়েতকালে) এক লোক (অধস্তন বর্ণনাকারী) তার দিকে তাকাতে থাকলে তিনি তাকে বলেন, তুমি কি প্রত্যক্ষ করছ? শোনো! আমি তোমার কাছে যে হাদিস রেওয়ায়েত করেছি, তা অবিকল বর্ণনা করেছি। তবে আমি যেদিন পক্ষাঘাতগ্রস্ত হয়েছি, সেদিন ওই দোয়াটি পাঠ করিনি এবং আল্লাহ তাআলা ভাগ্যের লিখন আমার ওপর কার্যকর করেছেন। (তিরমিজি, হাদিস : ৩৩৮৮)
রুপসীবাংলা৭১/এআর

