নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলার সিংহপুরুষ ও অবিসংবাদিত নেতা শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি, ঢাকা। সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক ও বুদ্ধিজীবীরা অংশ নেন।
আলোচনা সভায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-এর নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি জানান যে, দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের নবদ্বার এবং দেশের বৃহত্তম মেগা প্রকল্প পদ্মা সেতুর নামকরণ যেন এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শেরেবাংলা পদ্মা সেতু’ করা হয়। বক্তারা বলেন, ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে শেরেবাংলা এ কে ফজলুল হকই মূলত স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যা পরবর্তীতে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ অর্জন করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম মোশাররফ হোসেন এমপি। এছাড়াও সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বারডেমের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মোল্লা, সহসভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিএমডি শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুছ ছোবাহান, আয়োজন কমিটির আহ্বায়ক এডভোকেট মো. রুবেল হাওলাদার, সাংবাদিক মাহবুব সৈকত ও বদরুল আলম নাবিল, এবং বীর মুক্তিযোদ্ধা ড. মো. শাহআলম প্রমুখ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিভাগ সমিতি, ঢাকা-র দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক।


