নিজস্ব প্রতিনিধিঃ
আজ ২০ জুন ২০২৬, বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব-এর সামনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর আয়োজনে জাতীয় ট্রেড ইউনিয়ন সংগঠন এবং বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে খুলনায় গৃহকর্মী মিলন দাস এর উপর নির্মম নির্যাতন, নোয়খালীতে এক গৃহকর্মীর শিশুকে ধর্ষন এবং ধানমন্ডির আবাসিক ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে গৃহকর্মীর উপর নৃশংস নির্যাতন, গৃহকর্মীর শিশুকে ধর্ষন ও শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীদের জন্য উন্নত চিকিৎসা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণসহ ঘটনার সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গৃহকর্মীদের বিরুদ্ধে সংঘটিত হত্যা, ধর্ষণ, নির্যাতন ও নিপীড়নের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও গৃহকর্মীর জন্য শ্রম আইনের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ – বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)- এর যুগ্ম সমন্বয়কারী এএম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন এর কর্যকরী সভাপতি এএসএম জাকারিয়া, বাংলাদেশ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের দপ্তর সম্পাদক আকরাম হোসেন, বিলস এর পরিচালক কোহিনূর মাহমুদ ও নাজমা ইয়াসমীন, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র-এর নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, গৃহশ্রমিক সংগঠক নুরুন্নাহার খানম। প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত থেকে সংহতি জানান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট- এর সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মুরশিদা আক্তার ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্য সংগঠনের প্রতিনিধিগণ।
উল্লেখ্য, গত ১৭ জুন খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় পুলিশ দম্পতির বাসায় তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মী মিলন দাসকে গরম কড়াই ও খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্মম নির্যাতন করা হয়। ইতোমধ্যে উক্ত ঘটনার সাথে জড়িত পুলিশ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে এবং ভুক্তভোগী গৃহকর্মী মিলন দাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে নোয়াখালীর জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের গৃহকর্মীর ১২ বছর বয়সী শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশুটিকে বিভিন্ন সময় তার বাসায় ডেকে নিতেন, এরপর ভয় ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে ভুক্তভোগী কিশোরী ও তার মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অপর এ ঘটনায় গতকাল ১৯ জুন ঢাকার ধানমন্ডির আবাসিক ভবনের ১০ তলার বারান্দা থেকে পড়ে ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী রিক্তা আক্তারের মৃত্যু হয়। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ওই ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে। তবে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কিছু—সেটি তদন্ত করে দেখছে পুলিশ।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক- এর পক্ষে-


