মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার মৌলভীপাড়া গ্রামে বসতবাড়ি দখল ও মালামাল লুটপাটের অভিযোগে উভয় পক্ষে চুক্তিনামায় স্বাক্ষর করলেও ওই চুক্তিপত্র এখনো কার্যকর হচ্ছে না।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮/১০/২০২৩ ইং তারিখে মৌলভীপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪৯) বাদী হয়ে মিঠামইন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে একই বাবার সন্তান ও একই গ্রামের মাওলানা আহসান হাবিব (৫৭), তার স্ত্রী মমতাজ বেগম (৫২) এবং ছেলে মুজাহিদ মিয়া (২২) কে বিবাদী করা হয়েছে।
লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেন, ঢাকায় থাকার সুবাদে তার মালিকানাধীন বসতবাড়িতে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল বিবাদীরা দখলে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। এ সময় ঘরে থাকা কাঠের বক্স, চৌকি, ফ্যান, সিমেন্টের পিলারসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়।
অপরদিকে, অভিযোগের সাথে সংযুক্ত ৩০০ টাকার স্ট্যাম্পে সম্পাদিত একটি অঙ্গীকারনামা(চুক্তিপত্র) দলিলে ১ম পক্ষ মো. শফিকুল ইসলাম এবং ২য় পক্ষ মাওলানা আহসান হাবিব ও মাহবুব আলমের মধ্যে বাড়ি সংক্রান্ত আপস মীমাংসার জন্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা লেনদেনের বিষয় উল্লেখ রয়েছে। দলিলে বলা হয়েছে, এই টাকা পরিশোধ সাপেক্ষে ২য় পক্ষের আর কোনো দাবি-দাওয়া থাকবে না।
এ বিষয়ে বাদী শফিকুল ইসলাম বলেন, বড় ভাই মাহবুব আলম ও আহসান হাবিব, ওয়ারিশ প্রাপ্য সম্পত্তি আত্মসাৎ করছেন। আপস-মীমাংসার পরও বিবাদীরা তার বসতবাড়িতে প্রবেশ করে মালামাল সরিয়ে নিয়েছেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন তারা।

