রুপসীবাংলা ৭১: পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সর্বনিম্ন বেতনের অথবা সরকারি কর্মচারীদের পে-স্কেল ২০২৬ এর ২০ তম গ্রেডের কর্মচারীদের সমান মজুরি পোশাক শিল্প শ্রমিকদের দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান বাবলু।
১৯ অক্টোবর ২০২৬ সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু বলেন, দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের ৪০ লাখ শ্রমিক আজও মানবেতর জীবনযাপন করছে। ২০২৩ সালে নির্ধারিত সর্বনিম্ন মজুরি ১২,৫০০ টাকা বর্তমান উর্ধ্বমূল্যের বাজার পরিস্থিতিতে অচল ও অযৌক্তিক হয়ে পড়েছে। অথচ সরকার সদ্য ঘোষিত ৯ম জাতীয় পে—স্কেল ২০২৬ এ সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা থেকে ১৪২% বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারণ করেছে, যা ভাতাসহ জেলা পর্যায়ে ৩৩,২৫০ টাকা দাঁড়ায়। একইভাবে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকের সর্বনিম্ন পদ মেসেঞ্জার, ক্লিনার ও সিকিউরিটি গার্ডের জন্য সর্বনিম্ন ২৪,০০০ টাকা বেতন বাধ্যতামূলক করেছে।
তিনি আরো বলেন, রাষ্ট্রের একটি ব্যাংকের পিয়ন যদি ২৪,০০০ টাকা এবং সরকারি অফিসের ২০তম গ্রেডের কর্মচারী যদি ৩৩,২৫০ টাকা পায়, তাহলে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি দক্ষ পোশাক শ্রমিক কেন ১২,৫০০ টাকায় থাকবে? এটি চরম বৈষম্যমূলক।
বজলুর রহমান বাবলু বলেন, বর্তমানে গাজীপুর, আশুলিয়া ও সাভারে এক রুমের বাসা ভাড়া ৭,০০০ টাকা, ৪ জনের পরিবারের খাবার খরচ ১২,০০০ টাকার বেশি। ১২,৫০০ টাকায় শ্রমিকের ঋণ ও অপুষ্টি ছাড়া কিছুই জোটে না। এমতাবস্থায়, পোশাক শিল্পে টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমরা জোর দাবি জানাচ্ছি, আসন্ন মজুরি বোর্ডে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মূল বেতন সরকারি পে—স্কেল ২০২৬ এর ২০তম গ্রেডের সমান ২০,০০০ টাকা এবং সর্বমোট ৩৩,২৫০ টাকা নির্ধারণ করতে হবে।
(মোহাম্মদ বজলুর রহমান বাবলু)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন

