জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতা এবং মাজার ও দরগাহে হামলার ঘটনাগুলোর ক্ষেত্রে দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার নিশ্চিতে সরকারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের ঘটনা, যশোরের অভয়নগরে হামলার ঘটনা, রূপলাল হত্যাকাণ্ড, এবং দেশব্যাপী মাজার, দরগাহ, ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা।

বক্তারা দীর্ঘমেয়াদী সহায়তা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ নিশ্চিতের মাধ্যমে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সহিংসতা প্রতিরোধ, কার্যকর প্রতিকার নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে তাদের দাবিগুলো বিবেচনার জন্য গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং একটি পৃথক কমিশন গঠনের দাবি জানান।
উক্ত সভার সংবাদ বিজ্ঞপ্তিটি সংযুক্ত করা হল। এ বিষয়ে আপনার পত্রিকা/প্রচার-মাধ্যমে প্রচার করলে বাধিত হব। আপনাদের সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে আশা করি।


