রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের [বিটিভি] ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। তারকাশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন তারকা অভিনেতা আফরান নিশো।
বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না” গানে নতুনভাবে হাজির হয়েছেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। অন্যদিকে “কাল সারারাত ছিল স্বপ্নের রাত” গান পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও থাকছেন ফেরদৌস ওয়াহিদ।
এ ছাড়া নতুন গান “কৃষ্ণচূড়া” নিয়ে হাজির হয়েছেন ন্যান্সি ও ইমরান। অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। “রূপনগরের রাজকন্যা” সাজে নৃত্য পরিবেশন করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর “দূর দ্বীপবাসিনী” গানে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।
একটি বিশেষ পর্বে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা পরীমনি। এ ছাড়া কয়েকজন তারকাকে নিয়ে থাকছে একটি কুইজ শো সহ নানা আয়োজন। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা, মো. হাসান রিয়াদ, ইয়াসির আরাফাত ও ইয়াসমিন আক্তার।
রুপসীবাংলা৭১/এআর

