নিজস্ব প্রতিনিধি ঃ
২০ এপ্রিল ২০২৬ বাংলা নববর্ষের আনন্দঘন আবহে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস সেজে
উঠেছিল নতুন রঙে, নতুন প্রাণে। “বাংলা নববর্ষ- ১৪৩৩” উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি
কালচারাল ক্লাবের আয়োজনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মিলিত হন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য
প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পহেলা বৈশাখ শুধু একটি তারিখ
নয় – এটি আমাদের শিকড়ের সাথে পুনরায় সংযুক্ত হওয়ার একটি দিন। একটি বিশ্ববিদ্যালয়
কেবল জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, এটি সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ লালনের জায়গাও বটে।”

তিনি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকলের সুখ, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. শামসুল হুদা তাঁর বক্তব্যে বলেন, “নববর্ষ আমাদের
মনে করিয়ে দেয় যে বাঙালি সংস্কৃতি কতটা সমৃদ্ধ ও বৈচিত্রময়। এই উৎসবের মধ্য দিয়ে
আমাদের শিক্ষার্থীরা যে সাংস্কৃতিক চেতনার পরিচয় দিচ্ছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমরা যারা আগামীর বাংলাদেশ গড়বে, তারা যেন নিজেদের
ঐতিহ্যকে সঙ্গী করেই সামনে এগিয়ে যাও।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ। উৎসবের আয়োজনে ছিল বর্ণিল বৈশাখী মেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,
ফ্ল্যাশ মব, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাহারি খাবার ও হস্তশিল্পের স্টল। ঐতিহ্যবাহী
পোশাকে সজ্জিত শিক্ষার্থীদের উচ্ছল উপস্থিতি পুরো ক্যাম্পাসকে দিয়েছিল উৎসবের এক
অনন্য আমেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-
ফাহাদ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপ-পরিচালক
কে.এম. মনিরুল ইসলাম।

