পটুয়াখালী জেলা প্রতিনিধি:
বিয়ে করা হলো না হাসানের। মেয়ে দেখে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন হাসান (৩০) নামের এক যুবক। নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে গলাচিপা উপজেলার চর কাজল লঞ্চঘাটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ের উদ্দেশ্যে দুপুরে চর কাজলে যান।
মেয়ে দেখা শেষে দুপুরের খাবার খেয়ে বিকেলে গলাচিপায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় লঞ্চঘাটের পল্টনে বালতি দিয়ে পানি তুলতে গিয়ে তিনি বুড়োগৌরঙ্গ নদীতে পড়ে যান।
এ সময় উপস্থিত যাত্রীরা তাৎক্ষণিকভাবে হাসানকে উদ্ধারের চেষ্টা চালান, তবে ব্যর্থ হন। পরে খবর দেওয়া হলে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস–এর একটি ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা।
ডুবুরি দলের টিম লিডার আমিনুল ইসলাম বলেন, “মঙ্গলবার সন্ধ্যা থেকে আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। তেতুলিয়া নদীর প্রবল স্রোতের কারণে দুইবার অভিযান বন্ধ রাখতে হয়েছে। বর্তমানে আবার উদ্ধার কাজ চলছে।”
এদিকে নিখোঁজ হাসানকে উদ্ধারের আশায় তার আত্মীয়স্বজনরা বুড়োগৌরঙ্গ নদীর তীরে চর কাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন। স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

