নিজস্ব প্রতিনিধিঃ ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বরগুনা জেলা সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু পেশাগত জীবনে স্ব স্ব অবস্থান থেকে বরগুনা জেলার সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহবান জানান।
তিনি বলেন,বঙ্গোপসাগর বিধৌত বাংলার অবহেলিত জনপদ বরগুনা জেলা। সাংবাদিকরা সমাজের দর্পন। এলাকার সমস্যাগুলো লেখনির মাধ্যমে সরকারের নিকট তুলে ধরবেন এবং স্হানীয় জনপ্রতিনিধি ও সংসদ সদস্যগন সরকারের সাথে তদবির করে উন্নয়ন বরাদ্দ বাড়ায়ে আনবেন ও বাস্তবায়ন করবেন। এজন্য বরগুনা জেলার পূর্বের ৩ টি সংসদীয় আসন ফিরিয়ে দেয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। আজ ১৮ অক্টোবর শনিবার দুপুরে তোপখানাস্হ সবুজ ছায়া চায়নিজ এ আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল আই’র যুগ্ম চীফ রিপোর্টার ও বরিশাল ডিভিশনাল সাংবাদিক এসোসিয়েশন এর সভাপতি তারিকুল ইসলাম মাসুম, সাবেক সাংসদ অধ্যাপক ড. আবদুর রহমান, বরগুনা জেলা সমিতি,ঢাকা’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাধারণ সম্পাদক লায়ন মো: ফারুক রহমান, পাথরঘাটা উপজেলা সমিতির সভাপতি এডভোকেট আ: করিম অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল খালেক, অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ। বক্তারা বরগুনার অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, মেডিকেল ও প্রকোশল কলেজ,পাবলিক বিশ্ববিদ্যালয় স্হাপন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের নিকট দাবি জানান।


